Skip to content
← All poems

প্রশ্ন

আকাশী আকাশ, দুই টুকরো সাদা মেঘ, তার ঠিক ডানেই উড়ছে একঝাক বাবুই। বাসের জানালা দিয়ে ধুলোর সাথে উড়ে এলো একটি অজানা ফুলের বেগুনি পাপড়ি। শহরের কোলাহল পেরুলাম, পেরিয়ে আসলাম শ খানেক সবুজ গাছ, তার কোনটায় হলুদ ফুল তো কোনটায় ঝুলছে আমলকির ছড়া। সব ছুটছে পেছন দিকে, সব চলে যাচ্ছে, যায়। দুরের আকাশটা তবুও দেখা যায়, সাথে সেই দুই টুকরো মেঘ, ধীরে ধীরে ধুসর হচ্ছে। বাবুইগুলোও ছাড়িয়ে গেলো আমায়। পেরিয়ে এলাম তোমার বাড়ির রাস্তাটাও। তার সামনেই মজিদ মিয়ার চায়ের দোকান, এইমাত্র সেটাও পেরুলাম। দোকানটা বন্ধ। মেঘগুলো গাঢ় হচ্ছে ধুসর থেকে কালো। মনে হচ্ছে বৃষ্টি হবে খুব। সন্ধ্যা নামছে, সাথে অন্ধকারও। ঘন মেঘ, সন্ধ্যার আধার, নাকি আমার বিষাদ, কোনটা বেশি গাঢ়?

2026