Skip to content
← Back To All Poems

তুলনা

রঙিন চরকি, খেলনা গাড়ি, একটা বাশের বাশি এসবই ছিলো সম্বল আমার গোলাপী শৈশবে। হলুদ কৈশর কেটেছে আমার, দাড়িয়া বাধা, গোল্লছুট, কানামাছি, আর গল্পের বইসবে। যৌবনে এলো সবুজ প্রেম, সাথে এলো দায়িত্ব, কর্তব্য, আর বিচ্ছেদের বিষাদ। তৃতীয় দশক কেটেছে নীল, জীবিকার খোজে, সংসার পাতায়, গড়তে নিরপত্তার ছাদ। চুলের রঙেই ধূসর পঞ্চাশ, অনিশ্চয়তায় কি হয়, কি হয়, এই কেটে যায় দিন। বার্ধক্যে সফেদ সব, অতীত সোনালী, চোখে ভাসে রঙিন জীবন, সেইদিন অমলিন। তারপরেই তো অদৃশ্য হব, ভুলবে সবাই, চলবে সবই আগের মতোই, থাকব না আর আমি। ভাবি বসে এই জীবনে, কীইবা অর্জন, যা হারালাম তার, কোনটা সস্তা, কোনটা ছিলো দামি।

April 2026