পোষ্য ও পোষক
কেউ পোষে লাল কবুতর,
কেউবা পুষছে সাদা হাতিও,
চৈত্র আর চাতক পোষে পানির স্বপ্ন,
ঘাসফুল তার খাচায় পোষে শিশির।
আমি পুষি তোমায় পাওয়ার আশা,
যেমন ডিঙ্গি নৌকা পোষে ঢেউ।
পোষা কবুতর জোড়ায় বাচে,
পানিবিহীন মরে যায় চাতক,
ফেটে গিয়ে চৈত্র হয় চৌচির।
জুতোতে মাড়ায় ঘাসফুল, আর
তার শিশির শুকিয়ে যায় রোদে।
তোমার আশাতেই যায় তিনকাল,
আমার ডুবো ডিঙ্গা বাজায় বাশি।
একটা কবুতর নিরুদ্দেশ আর,
হাতি পালতে কোষাগার হয় খালি।
চাতক, চৈত্র, বর্ষা কেউ কাউকে দেখে না।
চাপা পড়া সাদা ঘাস আর
মুক্তো শিশির মাখে না।
নৌকার কাঠে জল-গুল্মের মতো,
তোমাকে চাওয়া আমার নিরন্তর,
বেড়েই চলে শুধু, কমে না।
পোষকের কি হয়, মরে নাকি বেচে রয়,
পোষ্যের তাতে কি আসে যায়।
পোষ্যে শুধু আপনা দেখে,
আপনা নিয়েই ব্যস্ত থাকে।
যেমন আমি থামি না চলি,
বাতাস-কানে কি না বলি,
দশ দিকের কোন পানে যাই,
কি পাই, আর কীইবা হারাই, তাতে
তোমারই বা কি আসে যায়।