অপেক্ষায় হবো গাছ
একজীবন সমান শুকনো ফুলে ভর্তি
তেত্রিশটা নৌকা তিতাসের জলে ভাসিয়ে দিয়ে
আমি প্রতীক্ষা করছি আরেকটি জীবনের।
প্রতীক্ষা করছি যদি উলটো ঢেউয়ে
ভেসে ফেরত আসে একটি ফুলও।
কচুরিপানার চাদরের ভাজে যদি
ফেরত আসে একটি সন্ধ্যাও।
ফিরে আসা সে ভাসা ফুলে যদি
চেপে আসে কোন জল-ফরিঙ।
সাথে নিয়ে আসে যদি আমাকেও।
হয়তো হাজার মহাকাল কেটে যাবে
এই তিতাসের পাড়ে বসেই।
মাথার উপর মেহগনি গাছটার মতো
আমার শরীর বেয়ে গজাবে শত শত শেকড়।
তিতাসের জলে ঝরে পড়বে
আমার এক একটা সবুজ-হলুদ পাতা।
আমার শেকড় বেয়ে বেয়ে
তিতাসে নামবে আষাঢ়ের বর্ষা-ঢল।
চৈত্র-তাপে আমার ছায়ায় বিশ্রাম নেবে
ছোট ছোট মাছের দল।
একটা ফেরার অপেক্ষায় আমি হবো গাছ।