অব্যয় অম্লান
আমার সন্ধ্যা, বিকাল, বৈভব সবই তোমার,
তুমি লেপটে থাকো আমার মগজে।
ভাদ্রে ভাসা কচুরিপানার শুভ্রতাও তো তোমার,
তোমার বিস্তৃতি আমার চেতনা থেকে
আমার জবান-কলম আর কর্মফলের কাগজে।
শ্রাবণের শীতল বাতাস আর তাতে ঝরে যাওয়া
কদমের পাপড়ি, সমগ্রই তোমার।
আমার থাকলো শুধু তুমি, আর তোমার
কাজল চুলের মায়াঘ্রাণ, মোহ।
তোমাতেই আমার সকল আশা-আবেগ,
তোমাতেই দুঃখ, সুখ, আর দ্রোহ।
বালির আলিঙ্গনে কাঠগোলাপ যেমন
হলুদাভ শুভ্রতায় ছড়ায় মিষ্টি ঘ্রাণ,
বর্ষায় কৃষকের সকল আগ্রহ লুটে নেয়
যেমন আধা-ডুবো পাকা ধান।
আমার গর্দান, ললাট, আর ওষ্ঠে আজীবন
তুমি এমনিই মায়ায় ঢেকো,
থেকো প্রাণপুর্ণ, অব্যয়, আর অম্লান।