Skip to content
← Back To All Poems

নাকফুল

তোমার অমাবস্যায় শালবন ঘন চুলে আমার আঙ্গুল যেন একদল আবাধ্য হরিণ। দিগবিদিক বেড়ায় এক একটা এক এক দিক। কোনটা লাফিয়ে পেরোয় ঝোপ, তো কোনটা ধীর পায়ে রাজকীয় চালে হেলেদুলে চষে যায় অঞ্চলের পর অঞ্চল। তোমার স্ক্যাল্প ভেদ করে আমি বিচরন করি তোমার নিউরনে নিউরনে। লাঙ্গলের সীতায় উঠে আসা মাটির মতো আমার প্রতিটি আঙ্গুলে উঠে আসছে তোমার দশক দশক পুরোনো স্মৃতির দল। বুঝতে পারি বর্তমানের সন্নিকটে আসতে আসতে কীভাবে সেখানে গাঢ় হতে হতে আবার ফিকে হয়ে আসছে আমার উপস্থিতি। আমার ফুসফুস হাওয়ায় দোলে না আজ সাত বছর। অথচ আমার কোলে ঘুমাও তুমি প্রতি রাত। শুধু মাঘের সেই রাতের মতো পড়নে নেই লাল শাড়ী; যেই রাতে আমি কথা দিয়েছিলাম তোমার নাকে নাকফুল থাকা পর্যন্ত পাশে থাকার। সাদা শাড়িতে তোমার ঘুমন্ত মুখ জলজল করে জানালা গলা জোছনায়। যেখানে তোমার নাকে ঝলসে ওঠার কথা ছিলো আমার পড়িয়ে দেয়া নাকফুলটার। সেখানে আজ নিরেট শুন্যতা।

June 2026