খিদে
চোখ বুঝলেই মাথায় ঘোরে হলুদ গাছে কমলা ফুল।
মেললে আখি চক্ষে দেখি জেফ বেজোসের ঝাকড়া চুল।
তিন পায়েতে ভিন গায়েতে হাটে যেমন ল্যাংরা বউ,
ডিম নুডুলসের ভেলায় চড়ে ডিঙ্গিয়ে চলি খিদের ঢেউ।
জড়িয়ে বালিশ গিলছি ইলিশ, স্বপ্নে দেখি কদুর তেল
জো বাইডেনের মাথায় দিয়ে ভাংছি কাঠাল, খাচ্ছি বেল।
নূপুর গলায় সৈন্য পালায় মাথায় নিয়ে রাজার ঠ্যাং,
বিরিয়ানিটা খাচ্ছে কাকে, পুতিন খায় কোলার ব্যাং।
বোরহানিটার নীল পানিটা খাচ্ছে গিলে খেজুর গাছ,
মোরগ ছানা খাচ্ছে নানা, বিমানবালা চিতল মাছ।
কাতল মাছে ডিম পেরেছে খেয়ে গেলো শি-জিন-পিং,
মোদীর পাতে সন্ধ্যা রাতে বিফ-কাবাবে ঘোরায় শিং।
কি বলি ভাই বলার তো নাই পেটে ডাকছে খিদের বান,
মিষ্টি দই আর বিন্নির খই কিংবা দশটা বাটার নান,
যদি পেতাম চিবিয়ে খেতাম, ঘুচতো তবে পেটের দায়।
বিশ তেহারি, দশ নেহারি, ষোল গোল্লায় দিন কি যায়?
খালি পেটে রাস্তা হেটে ট্রাফিক ব্যাটার খাই যে গাল।
ভরলে পেটটা কেল্লা গেটটা লাফিয়ে পেরুই সাঝ-সকাল।