Skip to content
← All poems

বাবা

বয়স তখন কতই হবে চার কিংবা পাচ, সাদা টুপি,লাল ফতুয়া, কোচায় লুঙ্গির ভাজ, বাবার পিছে ছুটছি, পড়তে জুম্মার নামাজ। পাচ আঙ্গুলে ঝাপটে ধরে বাবার শাহাদৎ বাবা হাটে, আমি দৌড়াই, পাইনা তার লাগত। বাবার সাথে হাটতে লাগে কতই না কসরৎ। ভাবি, লম্বা হবে পা-দুখানি যেদিন বড় হই তাল মিলিয়ে বাবার সাথে হাটবো সই সই। বলবো আমি দেখছো বাবা? আরতো ছোট নই। দিন পেরুল বয়স বাড়লো, বড় হলাম আমি, পড়ালেখা শেষ করে আজ চাকরি করি দামি। গ্রামে থাকে বাবা-মা, শহরেতে আমি। বাবা আজও জুম্মায় যায়, তবে একা একা, আমিও যাই, বিরাট মসজিদ, কিন্তু লাগে ফাকা। ছুটির দিন গেলেই কেবল বাবার সাথে দেখা। যৌবন এখন, জোড়েই হাটি, অনেক লম্বা পা, কোমড় ব্যাথায় ঘায়েল তাই আস্তে হাটে বাবা। হয়না তাই বাবার আমার প্রতিযোগিতা। বাবা বলে আরতো কদিন তার পরেই সব স্মৃতি, শুনে শিরা হিম হয়ে যায়, কমে হৃদের গতি, শ বছরও বাবার সাথে অল্প লাগে অতি। তোমার কাছে একটাই চাওয়া হে পরোয়ারদিগার লক্ষ নাহোক, হাজার বছর আয়ু দিও বাবার।

2026