হতাশ বিপ্লব
নান্দনিক মিথ্যায় টকশোতে বসে
দেশ নিয়ে যে রোজ করে হাস-ফাস,
সে কি বুঝবে কতটা গরম
সদ্য শহীদ বন্ধুর তাজা লাশ?
বুঝবে কি সে বোনের পায়ে ভাইয়ের রক্ত
কতটা নির্মম? কতটা গাঢ় লাল?
স্টুডিও লাইটে বার বার যে
টিস্যুতে মুছে চকচকে সাদা গাল?
জবান বেচে কেনা কাঠের চশমা
খুশিতে দেয় যে চোখে
সে কি করে দেখবে বল কতটা গভীর
ক্ষত হয়ে আছে শহীদের মার বুকে?
রিকশায় চড়ে মাইক হাতে ধরে
চোখ রাঙানো স্লোগানের কত ধার?
কি করে জানবে ভক্তি পোকায়
অল্পে অল্পে মগজ খেয়েছে যার।
রেস্টুরেন্টের চকচকে টেবিলে বিপ্লব খেয়ে,
এরাই তখন নতুন খবর বানায়।
ঘাসের তলে বিপ্লবীর কবর
নয়া সাম্রাজ্যের আগমনী বার্তা জানায়।