অভিন্ন
সবার মতো
তোমাকে দুনিয়া দেখানোর ইচ্ছা আমার নেই।
দিতে পারবো না চাঁদ-তারা এনে দেয়ার প্রতিশ্রুতি।
পাহাড় ডিঙিয়ে মেঘ মাড়িয়ে কোনো স্বপ্নের দেশে
নিয়ে যাবার আশ্বাসও দেবো না তোমায়।
তবে তুমি চাইলে
বিকেল থেকে সন্ধ্যা পার করে দিতে পারি
আমার প্রিয় নদীর পাড়ে।
তোমার গালে লেপ্টে থাকা চুল
গুঁজে দিতে পারি কানের পেছনে।
একজন আরেকজনে হেলান দিয়ে
কান পেতে শুনতে পারি সন্ধ্যার আগমনী নূপুর।
চালতা আর ঝিঙ্গে ফুলের মালায়
বরণ করে নিতে পারি অন্ধকারের মায়া।
তুমি চাইলেই
আমার খড়ের কুড়েঘর ছেয়ে যেতে পারে
পলাশ, শিমুলের ছাউনিতে।
তুমি চাইলেই অভিন্ন হতে পারে
তোমার আমার খামের চিঠির ঠিকানা।