Skip to content
← Back To All Poems

প্রতিহিংসার খাতা

আমি লিখতে চাই। কলমের নিব কাগজে ঘষে ভুলে থাকতে চাই দালানের হাহাকার। ফিরে পেতে চাই তিন বছর বয়সের ঈদের আনন্দ। দু হাত প্রসারিত করে ছুটে যেতে চাই ধান খেতের আল চিড়ে। ভাঙ্গা ছন্দের আড়ালে ঢেকে যেতে চাই প্রতিবাদের সাহস না থাকা প্রতিটি অন্যায়। দীনের জন্য, দ্বীনের জন্য কিছু করতে না পারলেও দুইটা ফ্লপ গল্প প্রকাশের সান্তনায় কাটিয়ে দিতে চাই আরেকটি জীবন। কালো সাদার অর্থহীন চিহ্নমালায় ব্যক্ত করে যেতে চাই আরও একটি জীবনের আকাঙ্ক্ষা। যেখানে আমি উঠে দাঁড়াবো আমার দুপায়ে সমান ভর দিয়ে। আমার মুষ্টিবদ্ধ হাত লুকিয়ে না রেখে গনগণে সূর্য-ছায়া মাথায় আঘাত হানবো বাতাসের বুকে। যেখানে আমার সাহস থাকবে, সামর্থ্য থাকবে, টু গিভ অ্যা ড্যাম। কারণ খুনের ঋণ মিটে গেলেও খোলা রয় প্রতিহিংসার খাতা।

June 2026