Skip to content
← All poems

মহামারী এবং ইতিহাস

একবিংশ শতাব্দীর যে বছর, কবিতার মহামারি হয়েছিলো সেবারই তোমায় প্রথম দেখা সেবারই শেষ। রাস্তার মোড়ে মোড়ে যখন তিমির-গাঢ় অন্ধকারের মতো মৃত্যুর আতঙ্ক ছড়াচ্ছিল হাজার হাজার বিদঘুটে আর বিভৎস কবিতা। তেমনি কোন দ্বিপ্রহরে দুই ঘন্টা এগারো মিনিট একটা বলাকা বাসের অপেক্ষায় থেকে পায়ে হেটেই পৌছেছিলাম গন্তব্যে। কবিতায় আক্রান্ত হবার সমূহ সম্ভাবনা জেনেও, একগুচ্ছ লাল গোলাপ নিয়ে মূর্তিমান দাড়িয়েছিলাম রমনার সেই কৃষ্ণচুড়াটার তলায়। তোমার কথামতো তোমার আগমন প্রত্যাশায়। বৈশাখের প্রখর তাপে যখন আমার ললাটে চিকচিক করছিল অজস্র ঘাম বিন্দু, তখনও তুমি আসোনি। আমাকে ব্যাঙ্গ আর করুনা করে নিজের তেজ স্তিমিত করে সূয্যিমামা যখন পশ্চিমে রওনা দিলেন, তখনও তুমি আসোনি। অন্ধকারের সমানুপাতে যখন এক এক করে জ্বলে উঠল রাস্তায় নিয়ন বাতিগুলো, তখনও তুমি আসোনি। আকস্মিক, অন্ধকারে পেচার ডাকে সময় ঠাহর করতে থাকা আমি মুখোমুখি হলাম আতর্কিত হামলার। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম চতুর্পাশ থেকেই আমাকে ঘিরে ধরলো বাংলা, ফার্সি, ইংরেজি ভাষার একটা সমন্বিত, সুসংগঠিত অতৃপ্ত কবিতার দল। কোনটা আমার পা কামড়ে ধরে তো কোনটা হাতের তর্জনী ছিড়ে নিয়ে যায়। শেষপর্যন্ত যখন আমার ঘাড়ে তার দুইটা সুচালো দাত বসিয়ে দিলো একটা সনেট। অভিশপ্ত বৈশাখের সেই রজনী থেকেই আমি কবিতায় আক্রান্ত। সেই বটতলাতেই লিখা আমার প্রথম কবিতা, ঠিক তখন থেকেই আমি কবি।

2021