ভালোবাসি সূর্য
ভালোবাসি সূর্য, অস্তমিত সুর্য।
যা মনে করিয়ে দেয়
আমার বাবার কথা, আমার মায়ের কথা।
যা মনে করায় আমার স্রষ্টাকে।
মনে করায় কতটা গৌন আমি,
কতটা অস্থায়ী এই সভ্যতা,
সূর্যের প্রস্থান যখন ডেকে আনে
প্রেয়সীর চুল কালো সন্ধ্যা,
তখন দিশা পাই কতটা অসহায় আর
পরনির্ভর আমি।
ভালোবাসি সূর্য, দুপুরের উনুন-গনগনে সূর্য।
মনে পড়ে আমার কিশোর ভাইয়ের কথা।
মনে পড়ে তার বুকে আটকে পড়া
অসহ্য তেজ আর স্পৃহার কথা।
গায়ে খেটে ক্রান্তি নিয়ে আসতে চাওয়া,
বজ্রমুষ্টিতে সকল অন্যায়কে আটকে দিতে চাওয়া,
মিছিলের স্রোতে সেই হারিয়ে যাওয়া
আমার ভাইয়ের কথা।
মনে পড়ে আমার যৌবনের কথা।
বুকের তেজ কিভাবে ধীরে ধীরে
আফসোসে রুপ নেয় সেই অসহায়ত্বের কথা।
ভালোবাসি সূর্য, শিমুল-কোমল সূর্য।
যার আলোয় ঘুম ভাঙ্গে,
যেই রশ্মি মনে করিয়ে দেয়
আমার নবজাতক সন্তানের প্রসন্ন হাসির কথা।
তার পাচ আঙুলে আমাকে আকড়ে ধরার কথা।
যেই নরম রোদ মনে করিয়ে দেয়
আমার স্ত্রীর কথা।
তার হাতের খয়েরি মেহেদীর কথা,
বা তার কোমল গালে ঘামে লেপ্টে থাকা
একটা নীল পাপড়ির বা চুলের কথা।
ফজরের আজান থেকে
মাগরিব আজানের এই জীবন চক্রে
আমরা সবাই এক একটা সূর্য।