মা
মমতা তার চুপিসারে নেমে আসা সন্ধ্যা যেন,
অগাছের ভীড়ে এক ঝাক কাঠমল্লিকা শুভ্র তার হাসি।
দেয়ালের আয়না যেমন দ্বিগুণ করে ঘরের প্রস্থ,
তার প্রতিটি শব্দ তেমনই চওড়া করে আমার বুকের ছাতি।
শিমুল স্পর্শে তার গলে যায় সব ক্লান্তির আড়ষ্টতা,
শান্ত কালো চোখ আমাকে দেয় ক্রোশ পেরুনোর সাহস।
সকালে চড়ুই হয়ে, দুপুরে কাকতাড়ুয়া হয়ে,
সন্ধ্যায় পানের বাটিতে তারার মালা সাজিয়ে, পাশে সে।
স্বর্নলতার মতো ছড়িয়ে যায়, আমাকে আরো জড়িয়ে যায়।