বেলতলী
শিউলি ঝিঙ্গের মালা গলায়
তুমি দুঃখ লুকাও আচলে।
কালো নদীর শাড়ি পেচিয়ে
তুমি বাতাস দোলাও তার জলে।
যেন শত রুপকথার মোহ আছে
তোমার সন্ধ্যা ঘন কাজলে।
তোমার কুড়েঘরেও বাঁকা চাদে
হাজার স্বপ্ন হাসে ঝলমলে।
গ্রীষ্মে তোমার আম কাঠালের
ছায়ার মায়া মনকারা।
পথের ধূলি পায় মাড়িয়ে
মন ছুটে যায় দিকহারা।
এই দুনিয়ায় সবচেয়ে প্রিয়
মাগো, তোমার হাসির চাঁদ তারা।
জনম জনম ফিরে আসি
তোমার লাউগাছের ঐ ফুল হয়ে।
আমার জীবন চাকা পূর্ণ হয়
মাগো, তোমার যুগল পা ছুয়ে।
রোজ সকালে তোমার ফুলে
আমি তোমায় জানাই অঞ্জলি।
স্বর্গ আমার, শান্তি আমার,
জন্মভূমি বেলতলী।