Skip to content
← Back To All Poems

তুমি চাইলেই

পাহাড়ের সব অভিমান গলে যেতো, বদ্ধ দালানের একাকীত্ব ঘুচে যেতো, আমের ডাল ভরে যেতো নয়া মুকুলে যদি তোমার হাসির নরম রোদ ছড়াতে আমার শুকনো উঠোনে। বসন্ত-পরাগ বাতাসে ফুল খুজে পেতো নষ্ট ল্যাম্পপোস্টটা আলো ফিরে পেতো বালুর চর ঢেকে যেতো সব নতুন ঘাসে যদি তোমার রুপার নুপুর বাজাতে আমার দুয়ারের চৌকাঠে। তুমি চাইলেই আমার কালো ঘর ভরে দিতে পারতে তোমার জোছনায়। তুমি চাইলেই তোমার নরম গলায় ভাঙ্গিয়ে দিতে পারতে আমার ঘুমের ক্লান্তি। হয়তো তোমার হাতের স্পর্শেই উদয় হতো একটা নির্মল সকালের। কিন্তু আমার শুদ্ধ শূন্যতা ছেড়ে তুমি বেছে নিলে কিছু কাগুজে আশ্বাস। আমার তারার ছাদ পেরিয়ে তোমার চোখ আটকালো কংক্রিটের নিরাপত্তায়। অথচ শুধু তুমি চাইলেই ঘাসের বিছানায় শুয়ে দুজনে দেখতাম কাশফুল আর মেঘেদের প্রতিযোগীতা।

August 2026